ঢাকা, রবিবার   ২৭ সেপ্টেম্বর ২০২৬

শিক্ষাপ্রতিষ্ঠানে প্রধান নিয়োগের মৌখিক পরীক্ষার সময়সূচি পুনর্নির্ধারণ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:৩৩, ২৭ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ২০:৫৬, ২৭ সেপ্টেম্বর ২০২৬

Ekushey Television Ltd.

অষ্টম এনটিআরসিএ নিয়োগের মাধ্যমে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও সহকারী প্রধান পদের এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময়সূচি পুনর্নির্ধারণ করা হয়েছে।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১ অক্টোবর থেকে অনুষ্ঠেয় এ মৌখিক পরীক্ষা অনিবার্য কারণবশত পিছিয়ে আগামী ১৫ অক্টোবর থেকে শুরু হবে।

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) পরীক্ষা মূল্যায়ন ও প্রত্যয়ন বিভাগ থেকে জারি করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, মৌখিক পরীক্ষার সংশোধিত সময়সূচি পরবর্তীতে প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে।

এর আগে গত ১৬ সেপ্টেম্বর এনটিআরসিএ’র অপর এক নির্দেশনায় জানানো হয়, এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের নির্ধারিত মোবাইল নম্বরে এসএমএস-এর মাধ্যমে মৌখিক পরীক্ষার তারিখ, সময় ও স্থান জানিয়ে দেওয়া হবে। প্রার্থীদের ভাইভার জন্য নির্ধারিত সময়ের অন্তত ৩০ মিনিট পূর্বে এনটিআরসিএ কার্যালয়ে উপস্থিত হতে বলা হয়েছে।

মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের সময় প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতার সব সনদ ও নম্বরপত্র, এনটিআরসিএ নির্ধারিত নমুনানুযায়ী অভিজ্ঞতার সনদ, সব যোগদান ও নিয়োগপত্র, এমপিওভুক্তি সংক্রান্ত কাগজপত্র, প্রযোজ্য ক্ষেত্রে প্রশিক্ষণ সনদ, জাতীয় পরিচয়পত্র এবং এমসিকিউ পরীক্ষার প্রবেশপত্রের মূলকপির পাশাপাশি প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত এক সেট ফটোকপি সঙ্গে আনতে হবে।

উল্লেখ্য, গত ১৮ এপ্রিল প্রতিষ্ঠানপ্রধান নিয়োগের এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হয়। ২২ এপ্রিল প্রকাশিত ফলাফলে মোট ১৪ হাজার ৯৪২ জন প্রার্থী উত্তীর্ণ হন।

পরীক্ষা ও সময়সূচি সংক্রান্ত বিস্তারিত তথ্য এনটিআরসিএর অফিশিয়াল ওয়েবসাইট (www.ntrca.gov.bd) এবং টেলিটকের ওয়েবসাইট (http://ntrca.teletalk.com.bd)-এ পাওয়া যাবে।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি